সহজপাচ্য-১৪

(চলমান ঘটনার বা আপনার আমার চিন্তা-ভাবনার সরল উপস্থাপনা)
কিস্তি নং-১৪

ইন্ডিয়ান নায়িকাদের জিরো ফিগার ফর্মুলার কথা জানেন নিশ্চয়। বিশেষ করে কারিনা কাপুরের জিরো ফিগারের নিউজ? আমাদের দেশের দুই নেত্রীকে সরানোর জন্য মাইনাস টু ফর্মুলা একসময় খুবই আলোচিত ছিলো। এগুলোকে সংখ্যারেখায় বসালে বামদিকে যায়। এবার ডানদিকে কীভাবে বসানো যায় তাই শোনাবো। অর্থাৎ প্লাস ফর্মুলা। এটার নাম দিলাম প্লাস টেন ফর্মুলা। এক্ষুণি জেনে যাবেন এ ফর্মুলা আসলে কী।

কালের কণ্ঠের বিনোদন বিষয়ক ফিচারপাতা রঙের মেলা পড়তে গিয়ে পিছনের পৃষ্ঠায় একটা ফিচারে চোখ আটকে গেলো। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রথম ছবি নির্মিত হচ্ছে। সিনেমার নাম ‘ভালোবাসার রং’। নায়ক ও নায়িকা দু’জনে নবাগত। দুই প্রযোজক যখন নায়িকার সাথে কথা বললেন নায়িকাকে তাদের ভারী পছন্দ হলো। কিন্তু সমস্যা একটা জায়গায়। নায়িকা স্লিম চেহারার অধিকারিণী। তাদের তো প্রয়োজন আটা-ময়দার বস্তার মতো মোটা নায়িকা। তাই তারা জানিয়ে দিলেন- এতো স্লিম হলেও তো ভাইয়া অভিনয় করা যাবে না। নায়িকা তো মহাখুশি। বর্তমান বাংলা সিনেমার নায়িকাদের বৈশিষ্ট্য রক্ষা করতে হলে তাকে মোটা হতে হবে। এটা আর এমন কী? নায়িকা জানিয়ে দিলো কিছুদিন অপেক্ষা করুন ( হাতি কীভাবে হতে হয় আমি জানি)। নায়িকা তারপর থেকে দিনে দশটা করে ডিম খাওয়া শুরু করলো। সকালে পাঁচটা, দুপুরে দু’টা ও রাতে তিনটা। প্রযোজক এবার খুশি। তারা তাদের কাঙ্খিত হস্তিনীকে পেয়ে গেছে। শুরু হলো শুটিং। এই হলো প্লাস টেন ফর্মুলা। এই হলো বাংলা সিনেমার হাল। এখন বোঝা যাচ্ছে বাংলা সিনেমার নায়িকাদের মোটা হওয়ার কারণ। পরিচালক-প্রযোজকরা চাইলে নায়িকাদের আর করার কী থাকে? পরিচালক-প্রযোজকরা কেনো এমন চায়? হয়তো দর্শকরাই এমন চায়। বাংলা সিনেমার বর্তমান দর্শক একটি নির্দিষ্ট শ্রেণীর জনগণ। তাই দেখা যায় বর্তমানের বাংলা সিনেমা একটি নির্দিষ্ট শ্রেণীর জনগণের কথা চিন্তা করেই নির্মাণ করা হয়।

এই সুযোগে আপনাদের বাংলা (ঢালিউড) সিনেমার ড্যান্স শিখাই। যদি নায়কের ড্যান্স শিখতে চান তাহলে দু’হাত পাঞ্জা করে বুকে নিয়ে একবার ডান কাধ সামনের দিকে আরেকবার বাম কাধ সামনের দিকে এগিয়ে নিন (ঝাঁকুনি দিন) । নায়িকার ড্যান্স শিখতে হলে হাতদু’টো উপরে তুলে একসাথে করে এবার দু’দিকে ছড়িয়ে দিন। এভাবে বারবার করলে আপনি বর্তমানের নায়িকাদের মতো নাচতে পারবেন।

বাংলা সিনেমার নায়কদের একটা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে- ধান, গম বা আটা-ময়দার দুই মণ ওজনের বস্তা পিঠে তোলার অভিজ্ঞতা। পত্রিকাগুলোতে প্রায়ই নায়ক-নায়িকাদের সাক্ষাৎকার ছাপানো হয়। আমার মনে হয় একবার একজনের সাক্ষাৎকার নিলে আর কারো সাক্ষাৎকার নেয়ার প্রয়োজন নেই শুধু নামটা বদলিয়ে ছাপালেই হবে। কেননা সবার মূল কথা একই। তাদের বক্তব্যের ধরন হলো- এই ছবি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে, ছবিটির কাহিনী গতানুগতিক নয়, পরিচালক যখন আমাকে কাহিনী শুনিয়েছেন সাথে সাথে রাজী হয়ে গিয়েছি, দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবে, এ ধরনের ছবিতে আগে অভিনয় করি নি ইত্যাদি ইত্যাদি। নতুন বোতলে পুরনো মদ আর কী! এ বিষয়ক একটি কৌতুক শোনাই। সাংবাদিক নায়িকার সাক্ষাৎকার নিচ্ছেন। সাংবাদিক বললো, ‘ম্যাডাম আপনি তো বললেন আমি এ ধরনের ছবিতে এর আগে অভিনয় করি নি। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আপনার সব ছবির কাহিনী প্রায় একই।’ নায়িকা ক্ষেপে গিয়ে বললো, কী যা তা বলছেন। আমার আগের ছবির নাম ছিলো ‘গরিবের মেয়ে’, এবারের ছবির নাম ‘বড়লোকের মেয়ে’, এর আগে একটা ছবির নাম ছিলো ‘ধনীর মেয়ে’ তার আগেরটার নাম ছিলো ‘ধনীর কন্যা’ এগুলো এক হলো? আপনার কা-জ্ঞান কি লোপ পেয়েছে? একটা ছবিতে আমার নাম নীরা, একটাতে নীলা, আরেকটাতে লিনা এসব কি এক হলো?’

কুরুচিসম্পন্ন কিছু নির্মাতার জন্য বাংলা সিনেমার এ হাল। তারা বোঝে না তাদের নির্মিত সিনেমা দেশের বৃহত্তর জনগোষ্ঠীই দেখে না। তাই অনেক সময় লাভ তো দূরের কথা আসল টাকাই উঠে আসে না। অযোগ্য এসব লোকের জন্যই বাংলা সিনেমা তাচ্ছিল্য ও হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অথচ অতীতে বাংলা সিনেমার সুদিন ছিলো। এখনো যে ভালো সিনেমা হচ্ছে না তা নয়। কিন্তু এই ভালোর সংখ্যা এতোই কম যে চোখে পড়ে না। তাই বাংলা সিনেমা দেখার কথা বললে এখন অনেকেরই আত্মসম্মানে বাধে। অধুনা ‘গেরিলা’ , ‘আমার বন্ধু রাশেদ’ কিংবা ‘মনপুরা’, ‘শঙ্খনাদ’ , ‘আহা’ এমন ধরনের ছবি না আসলে হয়তো বাংলা সিনেমা সুরুচি সম্পন্ন ব্যক্তিদের নজরে আসতোই না। যারা এমন সুন্দর ছবি বানাচ্ছেন তাদেরকেই এগিয়ে আসতে হবে বাংলা সিনেমার এ ক্রান্তিলগ্ন অতিক্রম করতে। তাদের নির্মাণ করতে হবে আরো ভালো ভালো সিনেমা। বাংলাদেশের নাটকের মান কিন্তু তুলনামূলকভাবে ভালো। যারা ভালো নাটক নির্মাণ করছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে বড়পর্দাকে বাঁচাতে।

পাদটীকাঃ ফ্যাটি হওয়া সহজ, স্লিম হওয়া কঠিন।

VN:R_U [1.9.7_1111]
রেটিং করুন:
Rating: 4.0/5 (2 votes cast)
VN:F [1.9.7_1111]
Rating: 0 (from 0 votes)
সহজপাচ্য-১৪, 4.0 out of 5 based on 2 ratings

এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. সাইদুর রহমান চৌধুরী : ২৮-০৬-২০১১ | ৩:১৬ |

    লেখার স্টাইল ও বিষয়বৈচিত্র ভালো লাগলো Smile
    শুভেচ্ছা

  2. রিপন ঘোষ : ২৮-০৬-২০১১ | ১১:৪৯ |

    মোটকু না হলে বাংলা সিনেমায় চান্স নেই!

    ভালো লাগল লিংকন ভাই Heart Rose